গণসংবাদ প্রতিবেদক
রাজধানীর গুলশানের মতো গুরুত্বপূর্ণ ও কূটনৈতিক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর লিখেছেন, ‘ফ্যাসিস্ট আমলে গুলশানে ব্যক্তিগত কাজে লাজ ফার্মা/রেস্টুরেন্টে গেলেও বিভিন্ন সংস্থা রিপোর্ট করতো, কোনো কোনো সংস্থা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা থেকে ছবি নিতো।’ ‘আর গতকাল গুলশানের মতো গুরুত্বপূর্ণ ভিআইপি/ডিপ্লোমেটিক এলাকায় নিষিদ্ধ সংগঠন ২০০/২৫০ লোক জড়ো হলো, মিছিল করলো!’
প্রতিমন্ত্রী লেখেন, প্রশাসন কিংবা গোয়েন্দা সংস্থার কেউই কি বিষয়টি আগে থেকে আঁচ করতে পারেনি? এসব বিষয় বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ না নিলে এটি অশনি সংকেত হয়ে দাঁড়াতে পারে।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশানে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন